বেতাগীতে ত্রাণ দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

বেতাগীতে ত্রাণ দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

সৈয়দ-নূর-ই আলম,বেতাগী (বরগুনা) : বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের এক নারী সদস্য ও তার স্বামীর নামে প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, মৎস্যজীবিদের নাম ও ভিজিএফ কার্ড বিতরণ, এমনকি মহামারি করোনার ত্রাণ দেয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

ওই সদস্যের নাম মোসা. নাজমা আক্তার। তার স্বামী মো. স্বপন।

স্থানীয় ভুক্তভোগী আবদুল লতিফ, মো.জাফর, শাহআলমসহ বেশ কয়েকজন জানান, তাদের কাছে বিভিন্ন সময়ে ফোন দেন ইউপি সদস্যের স্বামী স্বপন এবং সহায়তা প্রদানের নামে টাকা দাবি করেন।

স্থানীয় মো.জাকির বলেন, নাজমা মেম্বারের স্বামী স্বপন জেলেদের চাল দেয়ার কথা বলে পনের শ টাকা নেয়ার সময় একই ইউনিয়নের অন্য ওয়ার্ড মেম্বারদের হাতে টাকাসহ ধরাও পরেছেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া শিশুখাদ্য সহায়তার নামে ভুয়া মাষ্টাররোল তৈরি করে নিজেরাই তা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য নাজমা আক্তার ও তার স্বামী স্বপনকে ফোন দিলে বারবার সংযোগ কেটে দেন।

এ ব্যাপারে কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন জানান- আমি ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। তার প্রেক্ষিতে ইউপি সদস্যদের সম্মতিতে নাজমা আক্তারকে করোনাকালীন সময়ে সব ধরনের কার্যক্রম হতে বিরত রাখার রেজুলেশন পাস হয়েছে।

বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান বলেন, আমরা এ ব্যাপারে শুনেছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *